আজ কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন
বলিউডের শাহেনশাহখ্যাত কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন জীবনের ৮৪ বছর পূর্ণ করেছেন। ১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে (বর্তমান প্রয়াগরাজ) জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে ভারতীয় চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই অভিনেতা।
অমিতাভের বাবা ছিলেন বিখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন এবং মা তেজি বচ্চন। তাঁর আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। বাবার পরামর্শে মায়ের ‘বচ্চন’ পদবি নিজের নামের সঙ্গে যুক্ত করেন তিনি। এরপর থেকেই অমিতাভ বচ্চন নামে পরিচিতি পান।
আরও পড়ুন: দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ব্র্যাড-অ্যাঞ্জেলিনার
অভিনয়জগতে আসার আগে ১৯৬০-এর দশকে অল ইন্ডিয়া রেডিওতে অডিশন দিয়েছিলেন অমিতাভ। তবে সে সময় সফল হননি। পরবর্তী সময়ে ১৯৬৯ সালে মৃণাল সেনের ‘ভুবন সোম’ সিনেমায় কণ্ঠ বর্ণনাকারী হিসেবে কাজ করেন তিনি। একই বছর ‘সাত হিন্দুস্তানি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি অমিতাভকে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বলিউডে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। দুই শতাধিক সিনেমায় অভিনয় করা এই তারকার জনপ্রিয় চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘শোলে’, ‘দিওয়ার’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘ডন’, ‘মুকাদ্দর কা সিকান্দার’, ‘চুপকে চুপকে’, ‘সিলসিলা’, ‘কুলি’, ‘শাহেনশাহ’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘বীর-জারা’, ‘খাকি’ ও ‘কাভি আলবিদা না কেহনা’।
আরও পড়ুন: ফের বোমা হামলার হুমকি পেলেন অমিতাভ বচ্চন
একবিংশ শতকেও অভিনয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন অমিতাভ বচ্চন। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমেও ব্যাপক পরিচিতি পেয়েছেন এই অভিনেতা।
অভিনয়জীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন অমিতাভ। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে চারবার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান অর্জন করেছেন তিনি। এ ছাড়া পেয়েছেন একাধিক ফিল্মফেয়ার পুরস্কার। ভারতের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন তিনি। ২০১৮ সালে পান ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার।
দীর্ঘ অভিনয়জীবন, স্মরণীয় সংলাপ, স্বতন্ত্র কণ্ঠস্বর ও শক্তিশালী পর্দা-উপস্থিতির কারণে অমিতাভ বচ্চন আজও বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা। ৮৪ বছরে পা রেখে তাঁর এই বর্ণাঢ্য জীবন ও কর্মজীবন নতুন করে আলোচনায় এসেছে ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে।





