পটুয়াখালীতে ৪২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিল শহীদুল ইসলাম ট্রাস্ট

Sadek Ali
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৩ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পটুয়াখালীতে মরহুম অ্যাডভোকেট সোহরাব হোসেনের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ৪২ জন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেছে প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্ট।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় শহরের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারিতে ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পটুয়াখালীর নয়টি বিদ্যালয় ও একটি মাদ্রাসাসহ মোট ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২ জন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্টের সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।

আরও পড়ুন: শীতের আমেজে হাঁড়িতে হাঁড়িতে জমছে খেজুরের মিষ্টি রস

এ ছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টের সহসভাপতি ও পটুয়াখালী প্রেসক্লাবের আজীবন সদস্য অতুল চন্দ্র দাস, বর্তমান সাধারণ সম্পাদক ফিরোজ জামান এবং প্রয়াত অ্যাডভোকেট সোহরাব হোসেনের জ্যেষ্ঠ ছেলে আতিকুল রহমান সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত অ্যাডভোকেট সোহরাব হোসেনের কর্মময় জীবন, সামাজিক অবদান এবং প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্টের কার্যক্রমে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: নেত্রকোণায় ইউএনও কার্যালয়ে আগুন, ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

প্রফেসর একেএম শহীদুল ইসলাম ট্রাস্টের সভাপতি ও পটুয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর একেএম শহীদুল ইসলাম বলেন,  ২০১৬ সালের নভেম্বর থেকে মৃত্যুর দিন অব্দি সোহরাব এই ট্রাস্টের জন্য যে সেবা দিয়ে গেছে তা ভোলার নয়।  আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। তিনি লতিফ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা সহ সকল কর্মচারীদের কে ধন্যবাদ জানায় তার এই উদ্যোগের পাশে এসে সহযোগিতা করায়।এছারা অনুষ্ঠানে উপস্থিত সকলের উত্তর উত্তর মঙ্গল কামনা করেন এবং কোন না কোন ভাল কাজে সম্প্রিক্ত হবার জন্যে বলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম অ্যাডভোকেট সোহরাব হোসেনের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।