সার-জ্বালানি সংকট, আগুন সন্ত্রাসী করে দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না: এমপি চাঁদ

Shahrier Islam Pallab
মোঃ ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:২৫ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, দেশে সার-জ্বালানি সংকট আর আগুন-সন্ত্রাস করে দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। দেশের জনগণ স্বৈরাচারী পলাতক দলের পক্ষে নেই। যারা দেশ ও জাতিকে ভালোবাসে না, তারা দলের নেতা-কর্মীদের কথাও চিন্তা করে না। পলাতক হাসিনা নিজের নিরাপদ আশ্রয় খুঁজতে দেশ থেকে পালিয়েছেন।

বর্তমান প্রধানমন্ত্রী দেশ ও জাতির উন্নয়ন নিয়ে কাজ করছেন। বিগত সময়ের স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার শুধু মেগা প্রকল্প করে মিলিয়ন-বিলিয়ন অর্থ লুটপাট করেছে। দেশের শিক্ষাব্যবস্থা পঙ্গু করে দিয়েছে। সার, জুট মিলসহ বিভিন্ন কলকারখানা বন্ধ করে ভারতের সঙ্গে বন্ধুত্ব করেছে। দেশের কৃষি নষ্ট করে কৃষকদের ধ্বংস করে দিয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর

পলাতক হাসিনার দলের নেতা-কর্মীদের দেশে থেকে শান্তিপূর্ণ পরিবেশে জীবনযাপনে বিএনপির কোনো বাধা ছিল না। কিন্তু হাসিনার আগমনের ভুয়া বার্তার মাধ্যমে দেশে নতুন করে অশান্তি তৈরি করা হয়েছে। এই সরকার অপরাজনীতি বরদাস্ত করবে না বলে জানান সংসদ সদস্য।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি

সভায় মাদক নির্মূল, স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা, সড়ক উন্নয়ন, পৌরসভার সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন সংসদ সদস্য। এ সময় নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. ওবায়দুল ইসলাম রবি ও সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ সনি স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

বাংলাদেশ ইসলামী জামায়াতের চারঘাট উপজেলা আমির আবুল কালাম আজাদ এবং চারঘাট পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল সালেক আদিল বলেন, সারা দেশের মতো রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলাতেও আগুন-সন্ত্রাস শুরু করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল রাতে বাঘা উপজেলার আড়ানী এলাকায় রেললাইনে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার সৃষ্টি করা হয়। এ ছাড়া বাঘার গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে ধ্বংস করার চেষ্টা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। জেলার বিভিন্ন উপজেলায় তারা জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

পরিশেষে সংসদ সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও বিরোধী দলের নেতাদের সতর্ক অবস্থানে থেকে সাধারণ জনগণের নিরাপত্তায় কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি নিজেও চারঘাট-বাঘা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।