চাকরির বাজারে টিকতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন গুরুত্ব, যে দক্ষতার কথা বললেন রাষ্ট্রপতি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৩৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান এবং শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে হবে। রোববার (১৫ নভেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিতে হবে। পরিবর্তিত চাকরির বাজারের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

আরও পড়ুন: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাক্ষাৎকালে বিইউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।

তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের সঙ্গে শিক্ষার্থীদের খাপ খাইয়ে নিতে যোগাযোগ দক্ষতাসহ প্রয়োজনীয় পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: পায়ুপথে চারটি সোনার ডিম, অন্তর্বাসে সোনার পেস্টসহ আটক ১

এ সময় বিইউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।