সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:০৪ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল ত্যাগ করে পুলিশের দল।

হালিমুল হক মিরু নলুয়া গ্রামের বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। পুলিশের ভাষ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

আরও পড়ুন: সাভারে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, উদ্ধার বাস ও মিছিলের সরঞ্জাম

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মিরুকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে যায় থানা-পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মিরুকে গ্রেপ্তারে বাধা দেন। পরিস্থিতিতে মানুষের উপস্থিতি বাড়তে থাকলে পুলিশ তাকে আটক না করেই ফিরে যায়। পরে রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, এলাকায় হালিমুল হক মিরুর জনপ্রিয়তা রয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি কোনো সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি করেন স্থানীয়রা। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরই গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নেন বলে তাদের ভাষ্য।

আরও পড়ুন: লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দল তার বাড়িতে গিয়েছিল। তবে তিনি বাড়িতে ছিলেন না। পরে গ্রেপ্তারের খবর শুনে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।