চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে পুলিশের অভিযান, আটক ২০

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৪৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল বের করার চেষ্টা ঘিরে ২০ জনকে আটক করেছে পুলিশ। মিছিল শুরু হওয়ার পরপরই পুলিশ চারদিক থেকে ঘটনাস্থল ঘিরে ফেলায় মিছিলকারীরা পালানোর সুযোগ পাননি। আটক ব্যক্তিদের মধ্যে ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা কয়েকজনও রয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে সিনেমা প্যালেস এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে তারা মিছিল বের করেন। তবে মিছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ চারদিক থেকে ঘটনাস্থল ঘিরে ফেলে। এতে মিছিলকারীরা সেখান থেকে সরে যাওয়ার সুযোগ পাননি।

এ সময় মিছিলের কয়েকজন ফেসবুকে সরাসরি সম্প্রচার করছিলেন। তাদেরও আটক করা হয়। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ২০ জনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: ন্যায্য মজুরি ঘোষণায় উচ্ছ্বসিত শ্রমিকেরা, মাওনায় আনন্দ মিছিল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান প্রামাণিক বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সিনেমা প্যালেস এলাকায় মিছিল করার চেষ্টা করেছিলেন। তবে পুলিশের আগাম অবস্থানের কারণে তারা মিছিল করতে পারেননি।

তিনি জানান, অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।