লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

Sadek Ali
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫৪ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটে পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ৭৬ হাজার টাকার কথিত জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) গভীর রাতে লালমনিরহাট পৌরসভার মিশন মোড় এলাকার সীমান্ত হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার টাপুরচর (মধ্যচর) এলাকার শেখ ফরিদের ছেলে জুলফিকার আলী (২৭) এবং কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের উত্তর নওয়াবশ এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে নুর আলম (৩৮)।

আরও পড়ুন: সাভারে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, উদ্ধার বাস ও মিছিলের সরঞ্জাম

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিশন মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রথমে জুলফিকার আলীকে আটক করা হয়। এ সময় তার কাঁধে থাকা কালো রঙের স্কুলব্যাগ তল্লাশি করে দুটি খাকি খামের ভেতর থেকে ৫০০ টাকা মূল্যমানের ৩০০টি (মোট ১ লাখ ৫০ হাজার টাকা) এবং ২০০ টাকা মূল্যমানের ১৩০টি (মোট ২৬ হাজার টাকা) কথিত জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব নোটের মোট মূল্য দাঁড়ায় ১ লাখ ৭৬ হাজার টাকা।

​অভিযানকালে জুলফিকার আলীর ব্যবহৃত একটি ভিভো (Vivo Y30) মডেলের মোবাইল ফোনও জব্দ করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জাল নোট সরবরাহকারী হিসেবে অভিযুক্ত নুর আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন: সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

​পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত এই দুইজনসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল নোট সংগ্রহ, নিজেদের হেফাজতে রাখা, বহন ও বিভিন্ন এলাকায় সরবরাহের সঙ্গে জড়িত। আসন্ন উৎসব ও ব্যস্ত সময়কে কেন্দ্র করে এই জাল নোটগুলো বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

​এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ক(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ৩৯ এবং জিআর নম্বর ৫৩৬ (তারিখ: ২৭ নভেম্বর ২০২৬)। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

​ঘটনার সঙ্গে জড়িত পলাতক ও অজ্ঞাতনামা অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জাল নোট চেনায় সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

​লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।