ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৬ লাখ ২৫ হাজার টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চারটি প্যাকেজে ডিজেল, ফার্নেস অয়েল ও অকটেন আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ৮ হাজার ১০ কোটি ১৩ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: এবার ফ্যাসিস্ট দোসরদের অপতথ্যের শিকার তথ্য সচিব
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এসব জ্বালানি তেল আমদানি করবে। চারটি প্যাকেজের মধ্যে তিনটি প্যাকেজে জ্বালানি তেল সরবরাহ করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেড। বাকি প্যাকেজে অকটেন সরবরাহ করবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড।
আমদানি করা জ্বালানি তেলের মধ্যে রয়েছে ১ লাখ ৫০ হাজার টন ডিজেল, ৩ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ১ লাখ ২৫ হাজার টন অকটেন।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের জন্য ৭টি শ্রমবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার: মাহদী আমিন
বিপিসির প্রস্তাব অনুযায়ী, প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ৬০ হাজার টন গ্যাস অয়েল বা ডিজেল আমদানিতে ব্যয় হবে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ প্যাকেজে প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ১৬ দশমিক ৯৩ ডলার।
প্যাকেজটির দরপত্রে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। সব প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হওয়ার পর যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে নির্বাচিত করা হয়।
সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে গত বছরের তুলনায় গমের দাম বেড়েছে।
গত বছরের ডিসেম্বরে প্রতি টন গম ৩১২ দশমিক ২৫ মার্কিন ডলারে কেনা হয়েছিল। এবার একই দেশ থেকে প্রতি টন গম কেনা হচ্ছে ৩৪৭ দশমিক ৭৫ ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে টনপ্রতি দাম বেড়েছে ৩৫ দশমিক ৫০ ডলার বা ১১ দশমিক ৩৭ শতাংশ। ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানিতে শুধু এই মূল্যবৃদ্ধির কারণে অতিরিক্ত প্রায় ১৯৫ কোটি টাকা ব্যয় হবে।
এ ছাড়া খুলনা ও চট্টগ্রামের পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে ১২৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
কানাডা, সৌদি আরব ও কাফকো থেকে ৫৪৩ কোটি টাকার সার কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েল গেজে রূপান্তরের কাজ করবে চীনা প্রতিষ্ঠান।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৮২ কোটি টাকার চিনি ও মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পাশাপাশি কর্ণফুলী টানেল (আনোয়ারা) থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়নে ১৬৮ কোটি ১ লাখ ৩৩ হাজার ৯৩০ টাকা ব্যয়ের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।





