প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫০ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এর আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী

বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে তিনি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।