চালু হলো ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:১৯ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার (১৯ নভেম্বর)।

পাবনা রেলওয়ে স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন ট্রেন দুটির চলাচল উদ্বোধন করেন।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট, ট্রাক উল্টে ছড়াল মালামাল

অনুষ্ঠান শেষে বিকেল ৪টা ৩০ মিনিটে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেনে তিনি পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। এর আগে সকালে সড়কপথে ঢাকা থেকে পাবনায় পৌঁছান মন্ত্রী।

আগামী ২০ নভেম্বর ২০২৬ থেকে ট্রেন দুটি বাণিজ্যিকভাবে নিয়মিত চলাচল শুরু করবে।

আরও পড়ুন: সৌদি আরবে বিমানবন্দরের কার্যক্রম সীমিত, প্রভাবিত ১৭৪ ফ্লাইটের ২৩ হাজারের বেশি যাত্রী

নিয়মিত চলাচলের সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে ছেড়ে রাত ৯টা ২০ মিনিটে গন্তব্যে পৌঁছাবে।

ঢাকা-পাবনা রুটে চলাচলের সময় উভয় দিকেই ট্রেন দুটি নির্ধারিত কয়েকটি স্টেশনে যাত্রাবিরতি করবে। স্টেশনগুলো হলো—ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর।

নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে নতুন এই ট্রেন চালু করেছে। এর মাধ্যমে ঢাকা-পাবনা রুটে দীর্ঘদিনের প্রত্যাশিত আন্তঃনগর রেল যোগাযোগ চালু হলো।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার এমপি, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া অনুষ্ঠানে পাবনার বিভিন্ন স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।