পুরস্কার নয়, নিজের কাজের প্রতিই ভাবনার ভালোবাসা

Shahrier Islam Pallab
শাহরিয়ার ইসলাম পল্লব
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬
আশনা হাবিব ভাবনা।ছবিঃ সংগৃহীত
আশনা হাবিব ভাবনা।ছবিঃ সংগৃহীত

অভিনয়, নাচ, কবিতা লেখা কিংবা ছবি আঁকা—সৃজনশীলতার নানা শাখায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন আশনা হাবিব ভাবনা। অভিনয়শিল্পী হিসেবে পরিচিতি পেলেও শিল্পের অন্য মাধ্যমগুলোর প্রতিও তার সমান আগ্রহ। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের পাশাপাশি নিজের চিন্তাভাবনা ও স্পষ্ট মতপ্রকাশের কারণেও আলোচনায় থাকেন তিনি। জনপ্রিয়তা, পুরস্কার কিংবা স্বীকৃতির চেয়ে নিজের কাজ ও শিল্পীসত্তাকেই বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী। তার ভাষায়, সাফল্য খুবই আপেক্ষিক। কথাগুলো তুলে ধরেছেন শাহরিয়ার ইসলাম পল্লব।       

সম্প্রতি বাবার পরিচালনায় নির্মিত ‘যাপিত জীবন’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভাবনা। এটি তাঁর অভিনয়জীবনের বিশেষ একটি কাজ। কারণ, নির্মাতা বাবার সঙ্গে এই প্রথম সিনেমায় কাজ করেছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটি মুক্তি পেতে যাওয়ায় আনন্দিত এই অভিনেত্রী। ট্রেলার, টিজার ও গান প্রকাশের পর দর্শকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছেন। যদিও গান প্রকাশের দিন তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজে সরাসরি প্রচারণায় অংশ নিতে পারছেন না।

আরও পড়ুন: শিল্পীদের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব: জয় চৌধুরী

সিনেমাটিতে ১৯৪৭ সালের প্রেক্ষাপটের আনজুম চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। নিজের ব্যক্তিত্বের সঙ্গে চরিত্রটির বেশ পার্থক্য থাকায় অভিনয়ের অভিজ্ঞতাটি ছিল চ্যালেঞ্জিং। বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে আগ্রহী তিনি। প্রতিটি সিনেমায় নতুন কিছু করার চেষ্টা করেন, যাতে এক কাজের সঙ্গে অন্য কাজের মিল না থাকে। দেশভাগ ও ভাষা আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ইতিহাস নিয়ে সিনেমা নির্মাণ করায় বাবার সিদ্ধান্তকে গর্বের চোখে দেখেন তিনি। তাঁর মতে, এসব ইতিহাস আমাদের পরিচয়ের অংশ, অথচ এ নিয়ে দেশে সিনেমা নির্মাণের সংখ্যা তুলনামূলক কম।

অভিনীত কয়েকটি সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় থাকলেও এ নিয়ে খুব বেশি হতাশ হতে চান না ভাবনা। তাঁর মতে, সিনেমার শুটিং শেষ হলেই দ্রুত মুক্তি পাওয়া সম্ভব নয়। নাটক ও সিনেমার মুক্তির প্রক্রিয়াও আলাদা। আপাতত ‘যাপিত জীবন’ নিয়েই ভাবতে চান তিনি।

আরও পড়ুন: সঞ্জীব চৌধুরী স্মরণে বিশেষ কনসার্ট

চলচ্চিত্রের সাফল্য নিয়েও ভাবনার দৃষ্টিভঙ্গি কিছুটা আলাদা। আন্তর্জাতিক স্বীকৃতি কিংবা পুরস্কারের চেয়ে দেশের দর্শকদের ভালোবাসাকে বড় করে দেখেন তিনি। নিজের দেশের মানুষের ভালোবাসাই তাঁর কাছে সবচেয়ে বড় অর্জন।

অভিনয়ের পাশাপাশি শাস্ত্রীয় নৃত্যের চর্চাও নিয়মিত চালিয়ে যাচ্ছেন ভাবনা। ছোটবেলা থেকেই নাচের সঙ্গে যুক্ত তিনি। অভিনয়ের ব্যস্ততায় নাচ থেকে দূরে সরে যাননি। বাসায় নিয়মিত মহড়া করেন। বিশেষ দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে নাচের ভিডিও প্রকাশ করেন। বাণিজ্যিক সিনেমাতেও নাচের সুযোগ পাচ্ছেন। শিগগিরই শাস্ত্রীয় নৃত্যের নতুন একটি ভিডিও প্রকাশের পরিকল্পনাও রয়েছে তাঁর।

কবিতা লেখা, উপন্যাস, বই পড়া ও ছবি আঁকাও ভাবনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। নিজের শিল্পীসত্তার কোনো একটি দিককে আলাদা করে বেশি গুরুত্ব দিতে চান না তিনি। তাঁর কাছে জীবনটাই শিল্প। অভিনয়, লেখালেখি কিংবা ছবি আঁকা—সবকিছু মিলিয়েই তাঁর পরিচয়। যে গল্প বা চরিত্র ভালো লাগে না, সেখানে অভিনয় করতেও আগ্রহী নন।

অবসর সময়ও কাটে সৃজনশীল কাজে। কখনো বই পড়েন, কখনো সিনেমা দেখেন, আবার কখনো নতুন কোনো চিত্রশিল্পী, পরিচালক, কবি কিংবা সাহিত্যিক সম্পর্কে জানার চেষ্টা করেন। সম্প্রতি কয়েক দিন ধরে রবার্ট সাপোলস্কিকে নিয়ে পড়াশোনা করছেন বলেও জানিয়েছেন তিনি। নিজের সময়কে এভাবেই শিল্প ও জ্ঞানচর্চার মধ্যে ব্যস্ত রাখেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত মতপ্রকাশের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সমালোচনা ও বুলিংয়ের শিকার হতে হয় ভাবনাকে। তবে এসব তাঁকে খুব একটা বিচলিত করে না। বরং দর্শকদের ভালোবাসা ও সমর্থনকেই বড় করে দেখেন। তাঁর মতে, এই ভালোবাসাই তাঁকে এখনো দর্শকদের কাছে প্রাসঙ্গিক রেখেছে।

বাবার সাংস্কৃতিক পরিচয় নিয়েও কোনো সংকোচ নেই ভাবনার। বরং বাবার পরিচয় দিতে গর্ববোধ করেন তিনি। নিজের স্বতন্ত্র পরিচয় তৈরির জন্য বাবার পরিচয় থেকে আলাদা হওয়ার প্রয়োজন মনে করেন না। বাবাকেই নিজের আদর্শ হিসেবে দেখেন। তাঁর কাছ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো শিল্পের প্রতি সততা। ভাবনার বিশ্বাস, শিল্পচর্চায় সততা না থাকলে ভালো কাজ সম্ভব নয়।

ভবিষ্যতে আরও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করতে চান ভাবনা। নির্দিষ্ট কোনো চরিত্রের জন্য অপেক্ষা না করে ভালো গল্প ও নতুন অভিজ্ঞতার খোঁজে থাকতে চান। জনপ্রিয়তা, পুরস্কার কিংবা স্বীকৃতির নির্দিষ্ট কোনো সংজ্ঞাও তাঁর কাছে নেই। কারণ, একজনের কাছে যা সাফল্য, অন্যজনের কাছে তা হয়তো ততটা গুরুত্বপূর্ণ নয়। পুরস্কারও বিচারকদের মূল্যায়নের ওপর নির্ভর করে। তাই সাফল্যের কোনো নির্দিষ্ট মাপকাঠিতে নিজেকে আটকে রাখতে চান না তিনি।

ভাবনার কাছে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ নিজের কাজের প্রতি ভালোবাসা, শিল্পের প্রতি সততা এবং প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা।