ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা সেনাবাহিনীর , নিহত ১২১ হুথি যোদ্ধা
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত অথবা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে জানা যায়, ‘ডন অব ইয়েমেন’ সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, অভিযানে ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ড্রোনের মাধ্যমে ৩৫টি অভিযান এবং ২৬টি রকেট হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন: মিসরে জ্বালানিবাহী যানবাহনে ভয়াবহ আগুন, নিহত ৩০
তিনি আরও দাবি করেন, এসব অভিযানে হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনের তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালে ও শাবওয়াসহ বেশ কয়েকটি রণাঙ্গনে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সরকারি বাহিনীর দাবি, হুথিদের হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের অবস্থান ও অতিরিক্ত সেনা পাঠানোর পথ লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মার্কিন শেয়ারবাজারে ধস
ইয়েমেনে সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই অভিযান চালানো হলো। হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে হুথিরাও সৌদি আরব লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।
এর আগে শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তাইজ গভর্নরেটের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু বলে দাবি করা হয়েছে।
তবে সরকারি বাহিনীর দেওয়া হতাহতসংক্রান্ত পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র: আলজাজিরা





