মিসরে জ্বালানিবাহী যানবাহনে ভয়াবহ আগুন, নিহত ৩০
মিসরের রাজধানী কায়রোর একটি গুরুত্বপূর্ণ সড়কে পেট্রোলিয়ামজাত পণ্যবাহী একটি যানবাহন উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। বুধবার ( ২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গিজা প্রদেশের ইমবাবা জেলার ওয়ারাক এলাকায় একটি টানেলের ওপরের অংশে এ দুর্ঘটনা ঘটে। বৃহত্তর কায়রোর গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর সঙ্গে সংযোগ স্থাপনকারী রিং রোডে চলাচলের সময় যানবাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আরও পড়ুন: ট্রাম্পের নতুন শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মার্কিন শেয়ারবাজারে ধস
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ট্রাক সড়কের মাঝের বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে গেলে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ২৭টি যানবাহন পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউটর। নিহতদের পরিচয় শনাক্ত করতে তাদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট
ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের উদ্ধার করে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
মিসরের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের চিকিৎসার ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহনের নির্দেশ দিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
সূত্র: আলজাজিরা





