জাতীয় ঐক্য গড়তে জুলাই শরিকদের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে জাতীয় ঐক্য গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ও অরাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবেন তিনি। আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ সংলাপ শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, সংলাপে কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে, সে তালিকা এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে তৈরি তালিকায় প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হতে পারে। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে একটি সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগ নিজেরাই নিজেদের কবর রচনা করে পালিয়েছে: মাইনুল ইসলাম
পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি সংলাপের শুরুতে আমন্ত্রিত দল ও জোটের নেতাদের উদ্দেশে সূচনা বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এরপর হবে দ্বিপক্ষীয় মতবিনিময়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংলাপে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি ও সরকারের শীর্ষ পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।
সংলাপ আয়োজনের পেছনের প্রেক্ষাপট সম্পর্কে ক্ষমতাসীন বিএনপির কয়েকজন নেতা জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন। সেখান থেকে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে চালানো হচ্ছে। এসব প্রচারণাকে কেন্দ্র করে দেশে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার ঘটনার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, পাচ্ছেন ভিভিআইপি মর্যাদা
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে দলটির চার সদস্যের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে তাঁদের দল। তাঁর মতে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার—এসব বিষয় জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া প্রয়োজন।
এর আগে গত বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্রপন্থী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানো এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত প্রতিহত করতে ২০২৪ সালের মতো সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়াতে হবে। এ সময় তিনি ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংসদে বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী সংসদ ভবনে নিজের কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার বিষয়টি তুলে ধরা হয়। অন্যদিকে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ঐক্য ধরে রাখা এবং ফ্যাসিবাদের মূলোৎপাটনের পরামর্শ দেন বিরোধীদলীয় নেতা।
প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে সাড়া দিলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছে।
সংকটে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিচ্ছে এনসিপি, শেখ হাসিনার রায় কার্যকরে সরকার একমত হলে ঐক্য হতে পারে: নাহিদ
যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে গতকাল রবিবার সন্ধ্যায় দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংলাপে অংশ নেবে এনসিপি। সংলাপে তারা জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারের প্রতি আহ্বান জানাবেন।
তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে- রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যাবে যে তারা আসলেই জাতীয় ঐকমত্য চাইছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাইবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির রায় ও মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে; এধরনের কোনো ঐক্যপ্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, দেশে একটা সংকটকাল চলছে। দেশের সরকারপ্রধান যদি তখন সংলাপের আহ্বান জানান, অবশ্যই দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে আমরা সেই সংলাপে সাড়া দেব। আমরা মূলত শুনতে চাইছি প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, তিনি কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন। আমাদের জায়গা থেকে আমরা তাকে পরামর্শ দিয়ে আসবো। জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হবো।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, সঠিকভাবে জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর- এই মৌলিক বিষয়গুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয়, তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।





