আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী তারেক রহমান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলটির বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশে ও বিদেশে বারবার তারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ দিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় দল-মতনির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো আবারও একই মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি।
গোলামি ও তাবেদারি শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, “ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। দেশকে কোনো তাবেদারের হাতে তুলে দেব না। গোলামির শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে।”
আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার
সংসদে দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের পর এখন পর্যন্ত কোনো দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়নি। বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। আগামী সংসদ অধিবেশনে জাপান সফরসংক্রান্ত সমঝোতা স্মারক তুলে ধরা হবে।
এ সময় সাবেক সরকারের কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকার প্রতিবছর দুই লাখ কোটি ডলার পাচার করত।
তারেক রহমান বলেন, সাবেক সরকারের পতনের পর দেশের মানুষ বাক্স্বাধীনতা ফিরে পেয়েছে। দেশে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে জনগণের অধিকার ও স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক শক্তিগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।





