মা হলেন সামান্থা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৯ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো মা হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তাঁর সংসারে এসেছে নতুন অতিথি। পুত্রসন্তানের জন্মের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী।

গত ১৯ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন সামান্থা। নবজাতকের নাম রাখা হয়েছে দেব নিদিমোরু। শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সন্তানের হাত ধরে থাকা মা-বাবার হাতের একটি ছবি প্রকাশ করে সামান্থা লেখেন, ‘আমাদের সুন্দর শিশুপুত্র দেব নিদিমোরু। আমাদের হৃদয়ের সবচেয়ে আনন্দের মুহূর্ত।’

আরও পড়ুন: আসছে অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’

সন্তানের জন্মের আগে বাড়িতে বিশেষ পূজার আয়োজন করেছিলেন সামান্থা ও রাজ। সেই আয়োজনের কিছু মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। ছবিতে লাল পোশাকে সামান্থা এবং ক্রিম রঙের কুর্তায় রাজকে দেখা যায়। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বড়দের আশীর্বাদ নিতেও দেখা গেছে তাঁকে।

এর আগে চলতি বছরের জুনে প্রথমবার মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন সামান্থা। নিজের অভিনীত ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমার সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। সে সময় চলমান কাজ শেষ করে কিছুদিন বিরতি নেওয়ার এবং পরে আবার অভিনয়ে ফেরার কথা জানান এই অভিনেত্রী।

আরও পড়ুন: কর্মঘণ্টা ইস্যুতে দীপিকার পাশে দাঁড়ালেন আলিয়া ভাট

২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন সামান্থা ও রাজ। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে তাঁদের পরিচয়। এরপর ‘সিটাডেল: হানি বানি’ এবং ‘মা ইন্তি বঙ্গারাম’ প্রকল্পেও একসঙ্গে যুক্ত হন তাঁরা।

নতুন অতিথির আগমনে সামান্থা ও রাজের জীবনে যোগ হলো আনন্দের নতুন অধ্যায়।