ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:১২ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে এমন অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ‘মাদার অব অল বম্বস’ নামে পরিচিত বিশাল বোমাটি পারমাণবিক অস্ত্র নয়; এটি প্রচলিত ধরনের বোমা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে এই বোমা ব্যবহারের বিষয়টি তাঁর প্রশাসন বিবেচনা করছে—এমন খবরের বিষয়ে জানতে চাইলে তিনি বোমাটির প্রকৃতি ব্যাখ্যা করেন।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

ট্রাম্প বলেন, ‘মাদার অব অল বম্বস’ পারমাণবিক বোমা নয়। এটি অত্যন্ত বড় আকারের একটি প্রচলিত বোমা। সাক্ষাৎকারে তিনি একাধিকবার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের এমন অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই।

আরও পড়ুন: ইয়েমেনে প্রেসিডেন্সিয়াল প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আরও হামলার সম্ভাবনার কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। বিশেষ করে পিক্যাক্স মাউন্টেন নামে পরিচিত সন্দেহভাজন ভূগর্ভস্থ স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, ওই স্থাপনায় হামলা চালানোর প্রয়োজন হতে পারে। সেখানে আঘাত হেনে দ্রুত স্থাপনাটি ধ্বংস করার কথাও উল্লেখ করেন তিনি।

এ ধরনের অভিযানে মার্কিন স্থলসেনা পাঠানো হবে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি তেমনটা মনে করেন না।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। এ নিশ্চয়তা ছাড়া মার্কিন বাহিনী প্রত্যাহার করা হলে এক বছরের মধ্যে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

‘ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে’

সাক্ষাৎকারে ট্রাম্প পূর্বাভাস দেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে। তাঁর দাবি, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে।

তিনি বলেন, একভাবে হোক বা অন্যভাবে, যুদ্ধের অবসান খুব দ্রুত ঘটবে। যুদ্ধ শেষ হলে তেলের দাম দ্রুত কমে যাবে এবং জ্বালানির দামও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ট্রাম্পের দাবি, ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা চলায় যুক্তরাষ্ট্র সেই অনুরোধে সাড়া দিচ্ছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তাঁর আস্থা আছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাজনীতির জগতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।