নজরদারিতে ২৭২৭ মণ্ডপ
শারদীয় দুর্গাপূজা ঘিরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত
শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট জেলাগুলোতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা পরিচালনা করা হবে।
আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ
বিজিবির এই কর্মকর্তা জানান, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে প্রায় ১ হাজার ৪২৫টি মণ্ডপ। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে ১ হাজার ১১৯টি এবং দুর্গম ও দূরবর্তী এলাকায় রয়েছে ১৮৩টি পূজামণ্ডপ।
নিরাপত্তা পরিকল্পনা তৈরির অংশ হিসেবে মণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। যাতায়াতের পথ, এলাকার পরিস্থিতি ও যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিয়ে দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। দুর্গম এলাকার মণ্ডপগুলোতে দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছাতে প্রায় ২১টি বেজ ক্যাম্পও স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন: ভায়াগ্রা ও নিষিদ্ধ প্রসাধনীসহ সোয়া কোটি টাকার পণ্য জব্দ
নিরাপত্তা কার্যক্রমে সমন্বয় বাড়াতে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বিজিবি সদর দপ্তর ও মাঠপর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এর মাধ্যমে তথ্য আদান-প্রদান, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে বলে জানান তিনি।
দুর্গাপূজার সময় গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি ঠেকাতেও বিশেষ নজরদারি থাকবে। কোনো সংবেদনশীল তথ্য প্রচারের আগে তা যাচাই করার আহ্বান জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার পালন ও উৎসবে অংশ নিতে পারেন, সে জন্য নিরাপত্তা বাহিনী ও প্রশাসন কাজ করবে। সবার সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।





