উত্তরা ফ্লাইওভারে মুমূর্ষু অবস্থায় ৯ মাসের শিশু উদ্ধার, চিকিৎসার ব্যবস্থা পুলিশের
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা ৯ মাস বয়সী শিশু ফাতেমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। পরে পুলিশের উদ্যোগে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর অসুস্থ অবস্থায় একটি শিশু পড়ে থাকার খবর পায় উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আরও পড়ুন: উচ্ছেদ করা মাদকের আড্ডার জায়গায় এক মাসের মধ্যে হবে খেলার মাঠ
খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশু ফাতেমাকে উদ্ধার করে। পরে তার বাবা আকাশ ও মা ফুলবানুকে সঙ্গে নিয়ে শিশুটিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর শিশু ফাতেমাকে শিশু বিভাগে ভর্তি করা হয়। পুলিশের উদ্যোগে তার প্রয়োজনীয় চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: ধামরাইয়ে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, বর্তমানে শিশু ফাতেমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করছে।





