পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা

Any Akter
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৩ অপরাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুক খুলতেই বেরিয়ে এসেছে ৫১ বস্তা টাকা। নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ১০টি দানসিন্দুক ও পাঁচটি ট্রাঙ্ক খোলা হয়। বিপুল পরিমাণ এসব দান গণনার কাজে অংশ নিয়েছেন প্রায় ৬৮০ জন।

দীর্ঘ অপেক্ষার পর শনিবার সকালে দানসিন্দুকগুলো খোলা হলে সেখান থেকে পাওয়া অর্থ বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয় গণনার প্রস্তুতি। এতে অংশ নেন মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার ও জেলা প্রশাসনের সদস্যরা। দিনভর চলে টাকা গণনার কাজ। সন্ধ্যার পর জানা যাবে এবারের দানের মোট পরিমাণ।

আরও পড়ুন: ডিসেম্বরে ফেরার দুঃস্বপ্ন ভুলে যান: কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম

নগদ টাকার পাশাপাশি এবারও সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিতসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। মিলেছে স্বর্ণ ও রুপাও। মনের বাসনা পূরণ ও প্রার্থনা কবুলের আশায় ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের অসংখ্য মানুষ এই মসজিদে দান করেন। তাঁদের কাছে পাগলা মসজিদ কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং বিশ্বাস ও আবেগের এক বিশেষ স্থান।

এদিকে দানের অর্থ মসজিদের উন্নয়ন, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয় বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন।

আরও পড়ুন: গাজীপুরে বিতর্কিত যুবদল কমিটি: ধর্ষণ ও মাদকের অভিযোগে অভিযুক্তদের হাতে নেতৃত্ব

মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এর অধীনে পরিচালিত মাদ্রাসার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম। তাঁর মতে, শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এর আগে প্রায় ছয় মাস পর পাগলা মসজিদের দানসিন্দুক খুলে পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। সেবার প্রায় ১২ ঘণ্টা গণনা শেষে দানের পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ পর্যন্ত মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৩৩ কোটি ২১ লাখ টাকার বেশি। অনলাইনেও এসেছে ৪৪ লাখ টাকার বেশি।