শ্রমিক বিক্ষোভে উত্তাল মাওনা, সাউন্ড গ্রেনেড- ছত্রভঙ্গ

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৩১ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। পাশাপাশি লাঠিপেটা করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরাও মাঠে ছিলেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শ্রীপুর পৌর বিএনপির সদস্য বিল্লাল হোসেন বেপারি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

আরও পড়ুন: পিরোজপুরে জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দম্পতির বাড়িতে ভাঙচুর

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় যান। তবে কাজে যোগ না দিয়ে তাঁরা কারখানার ভেতরে অবস্থান করতে থাকেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকা থেকে শ্রমিকরা মিছিল নিয়ে মাওনা চৌরাস্তার দিকে রওনা হন। পথে মহাসড়কের বিভিন্ন কারখানার শ্রমিকরাও তাঁদের সঙ্গে যোগ দেন। কয়েক কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে শ্রমিকরা মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় হামলা, গোপালগঞ্জে সবচেয়ে বেশি

পরে পুলিশ ও আনসার সদস্যরা সেখানে পৌঁছালে শ্রমিকরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আনসার সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা সেই অনুরোধ উপেক্ষা করে সামনে এগিয়ে আসেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আনসার সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। পরে লাঠিপেটায় শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ ঘটনায় কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে শ্রমিক বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি বিবেচনায় আশপাশের কয়েকটি কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করে।

পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে একাধিক স্থানে শ্রমিকদের সরিয়ে দিলেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ অব্যাহত ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক-মহাসড়ক অবরোধ করছেন। এক স্থান থেকে সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে অবরোধ করছেন। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবরোধ করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বেলা ১১টার দিকে শ্রমিকরা হঠাৎ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় অবরোধ করেন। সেখানে টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়।