শেরপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ
বগুড়ার শেরপুরে পূর্বশত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে মাসুদ পারমানিক (৪১) নামের এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রাণ ভয়ে দুই দিন বাড়িছাড়া থাকার পর বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। পরে অভিযুক্তরাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও সেখানে রেখে পালিয়ে যান।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের নান্দুরা গ্রামের মজিদ মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাসুদ পারমানিক ওই এলাকার ওয়াজেদ আলী পারমানিকের ছেলে। এ ঘটনায় সোমবার (১২ অক্টোবর) শেরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
আরও পড়ুন: চুয়েটে ভিসি নিয়োগ নিয়ে সাদিক কায়েমের সমালোচনা, অপসারণের দাবি
স্থানীয় সূত্র ও অভিযোগপত্রে উল্লেখ করা তথ্য অনুযায়ী, বিশালপুর ইউনিয়নের ভাদার গ্রামের এক ব্যক্তির সঙ্গে জমি নিয়ে মাসুদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমি প্রতিপক্ষের পক্ষে দখল করে দেওয়ার উদ্দেশ্যে নান্দুরা গ্রামের ফজলু (৫০), তাঁর ছেলে মনির (২৫) ও নজরুল ইসলাম (৪৫)সহ কয়েকজন তাঁকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার আগের দুই দিন অভিযুক্তরা মাসুদের বাড়ি ঘেরাও করে রাখেন। এতে প্রাণভয়ে তিনি আত্মগোপনে থাকেন। রোববার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মজিদ মোড় বাজার এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপুরে পুকুরে পরিত্যক্ত ব্যাগে মিলল প্রায় ৬ লাখ টাকার ভারতীয় ফেয়ারডিল
পরে হামলাকারীরাই রক্তাক্ত অবস্থায় মাসুদকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁকে হাসপাতালে রেখে অভিযুক্তরা সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”





