বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫২ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের শতাধিক গুণী ও কৃতী শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে। ৫ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন। দেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব শিক্ষকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে তাদের বিশেষভাবে সম্মানিত করা হয়। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে নগদ দুই লাখ টাকা এবং একটি করে ক্রেস্ট প্রদান করা হয়েছে।

জাতীয় স্টিয়ারিং কমিটির চূড়ান্ত করা ৯৫ জন এবং প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত অতিরিক্ত ৬ জনসহ মোট ১০১ জন শিক্ষককে এই সম্মাননার জন্য চূড়ান্ত করা হয়। তবে তালিকায় থাকা কোনো শিক্ষকের বিরুদ্ধে বিরূপ মন্তব্য বা তথ্য পাওয়া গেলে পরবর্তীতে তার নাম বাদ দেওয়ার বিধান রাখা হয়েছে।

আরও পড়ুন: অক্টোবরে নবম পে স্কেলের বেতন, অপেক্ষায় এমপিওভুক্ত শিক্ষকরা

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এ বছর বিভিন্ন স্তর ও খাতের শিক্ষকরা এই সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন (সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন ও মাদ্রাসার ২ জন), মাধ্যমিক পর্যায়ে ২০ জন (সাধারণ মাধ্যমিকের ১০ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন) এবং কলেজ পর্যায়ে ২৫ জন (সাধারণ শিক্ষার ১৫ জন, কারিগরি শিক্ষার ৫ জন ও মাদ্রাসার ৫ জন) শিক্ষক রয়েছেন। সাধারণ বিশ্ববিদ্যালয়ের ২০ জনের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়ের ১৮ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক রয়েছেন। এছাড়া চিকিৎসা শিক্ষায় ১০ জন (চিকিৎসা মহাবিদ্যালয়ের ৫ জন ও চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের ৫ জন), কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪ জন এবং প্রধানমন্ত্রীর নির্বাচিত ৬ জন শিক্ষক এই সম্মাননা পাচ্ছেন।

আরও পড়ুন: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট ইমারজেন্সী এক্সারসাইজ (ফায়ার)-২০২৬ অনুষ্ঠিত