জেলার ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযান, অপরাধে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধপ্রবণ তরুণদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন হিসেবে ৩৫৩ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
আরও পড়ুন: পাকুন্দিয়ায় মাদকসহ আটক দুই যুবকের কারাদণ্ড
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত রয়েছে—এমন চিহ্নিত স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
পুলিশ জানায়, উঠতি বয়সী তরুণরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই এ বিশেষ অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: নরসিংদীতে পৃথক অভিযানে দুইজন গ্রেফতার অস্ত্র ও গুলি উদ্ধার
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে। কিশোর অপরাধ দমনে জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ, অপরাধপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে আটক ব্যক্তিদের সবাই অপরাধে জড়িত—এমন সিদ্ধান্তে পৌঁছানোর আগে প্রত্যেকের সংশ্লিষ্টতা যাচাই করা জরুরি।





