পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:০৪ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের সিনেমার উপস্থিতি আরও জোরালো করছে তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁকোটা দুলছে’। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কার অর্জনের পর এবার ইউরোপ ও আফ্রিকার দুটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে সিনেমাটি। পোল্যান্ডের ‘এনার্গাক্যামেরিমেজ’ উৎসব এবং মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পাশাপাশি একাধিক পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের এই চলচ্চিত্র।

চলতি বছরের জুনে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ‘সাঁকোটা দুলছে’। এবার পোল্যান্ডের উৎসবে সেরা পরিচালক বিভাগে ইশতিয়াক আহমেদ জিহাদ এবং সেরা চিত্রগ্রাহক বিভাগে সামিউল করিম সুপ্তক মনোনয়ন পেয়েছেন। ৭ নভেম্বর শুরু হয়ে উৎসবটি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: মুম্বাই, গ্রিস, প্যারিস তিনবার প্রস্তাবের পর-সাইফকে ‘হ্যাঁ’ বলেন কারিনা

অন্যদিকে, মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক কম্পিটিশন’ বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। সেখানে শাদি আব্দেল সালাম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম এবং ফ্যাদি ফারাগ অ্যাওয়ার্ড-স্পেশাল জুরি প্রাইজের জন্য প্রতিযোগিতা করবে এটি। ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব।

একই সময়ে দুটি আন্তর্জাতিক উৎসবে নিজের সিনেমার এমন স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। তাঁর প্রত্যাশা, এসব উৎসবে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের গল্প ও চলচ্চিত্র নির্মাণের স্বতন্ত্র বৈশিষ্ট্য আন্তর্জাতিক দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের কাছে পৌঁছাবে।

আরও পড়ুন: ধারাবাহিক নাটকে ফিরছেন রিচি সোলায়মান

‘সাঁকোটা দুলছে’ প্রযোজনা করেছেন অভিনেতা মনোজ প্রামাণিক। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্রের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছে জার্মানির মগাদোর ফিল্ম।

সাদাকালোয় নির্মিত এই চলচ্চিত্রে দৃশ্যের বিন্যাস, আলো-ছায়ার ব্যবহার, দীর্ঘ ও স্থির শট এবং গ্রামীণ জীবনের সূক্ষ্ম পর্যবেক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এসব উপাদান সিনেমাটির নিজস্ব দৃশ্যভাষা তৈরি করেছে।

বাংলাদেশের গ্রামীণ জনপদে বসবাসকারী তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’র গল্প। কুসংস্কার, ধর্মীয় রক্ষণশীলতা, পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো এবং নানা বিধিনিষেধের মধ্যে নিজেদের মতো করে বেঁচে থাকার পথ খুঁজতে থাকে তারা। নারীদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও সামাজিক বাস্তবতার দ্বন্দ্বই সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানিসহ আরও অনেকে।

আন্তর্জাতিক উৎসবে ধারাবাহিক অংশগ্রহণ ও পুরস্কারের মনোনয়নের মধ্য দিয়ে ‘সাঁকোটা দুলছে’ বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। এখন দেখার বিষয়, পোল্যান্ড ও মিশরের উৎসব থেকে শেষ পর্যন্ত কতটি পুরস্কার অর্জন করতে পারে ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম সিনেমাটি।