পিরোজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ হাজার ৯৭৬ সদস্য মোতায়েন

Shahrier Islam Pallab
মোঃশফিকুল ইসলাম শফিক, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:০৪ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পিরোজপুর জেলার ৭টি উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ হাজার ৯৭৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের নির্দেশনায় জেলার ৪৬৩টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে এ প্রস্তুতি নেওয়া হয়েছে।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৪৬৩টি পূজামণ্ডপের মধ্যে গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই তিন শ্রেণিতে সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত দলের মধ্যে দুজন করে মহিলা সদস্য রাখা হয়েছে।

আরও পড়ুন: সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

পরিকল্পনা অনুযায়ী, ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপি সদস্যরা। মোতায়েন করা সদস্যদের মধ্যে পুরুষ সদস্যরা নির্ধারিত রোস্টার অনুযায়ী ৭ দিন এবং মহিলা সদস্যরা ৬ দিন দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের আগে সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

নিরাপত্তা জোরদারে প্রতিটি পূজামণ্ডপে মোতায়েন সদস্যদের মধ্য থেকে দুজনকে ‘এন্ড ইউজার’ হিসেবে নিবন্ধন করা হয়েছে। তারা এনটিএমসি পরিচালিত ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে যেকোনো ঘটনা বা দুর্ঘটনার তাৎক্ষণিক প্রতিবেদন পাঠাতে পারবেন।

আরও পড়ুন: দক্ষিণ গফরগাঁওয়ে দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও চাল বিতরণ

এ ছাড়া ছয় সদস্যের সমন্বয়ে ০১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং টিম প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এসব দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করবে। পূজামণ্ডপের বাইরে সংশ্লিষ্ট এলাকায়ও টহল কার্যক্রম পরিচালনা করা হবে।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় জানিয়েছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পর্যায়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতি উপজেলায় মোতায়েনকৃত সদস্য ও মন্ডপের নিরাপত্তা তদারকির জন্য আনসার-ভিডিপি ভাতাভোগী সদস্যদের  সমন্বয়ে ০২ টি করে মোটর সাইকেল টহল টিম কার্যক্রম পরিচালনা করবে।পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং প্রশিক্ষকেরা মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, পিরোজপুর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।