পদত্যাগ করেছেন ইবি ডিবেটিং সোসাইটির বিতর্কিত সভাপতি

Shahrier Islam Pallab
ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৫৩ পূর্বাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থ গোপনের অভিযোগ উঠার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (আইইউডিএস) সেই বিতর্কিত সভাপতি ইয়াছিন আলী।তবে ‘ব্যক্তিগত কারণ ও মাস্টার্সের থিসিসের ব্যস্ততা’ দেখিয়ে অব্যহতি নিলেন তিনি।

এর আগে সংগঠনটির বিভিন্ন হল সভা ওয়াকআউট, উদ্বেগ প্রকাশ এবং সাধারণ সম্পাদক পদসহ বিভিন্ন উপদেষ্টামণ্ডলির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সদস্যরা। সংগঠনটির মডারেটর ও সহকারী মডারেটরের ‘একপাক্ষিক’ সিদ্ধান্তের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ নেতৃবৃন্দের।

আরও পড়ুন: গরুর মাংসের খিচুড়ি থেকে গরুভোজের ঘোষণা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কী ঘটছে?

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. জুলফিকার আলী পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। সমালোচনার মুখে গত রাতে মডারেটর বরাবর অব্যহতি চেয়ে আবেদন করেন তিনি। 

জানা যায়, গত মঙ্গলবার ইবি ডিবেটিং সোসাইটির সভাপতি ইয়াছিন আলী কর্তৃক নিয়মবহির্ভূত কমিটি গঠন ও অর্থের তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হলেও অভিযুক্ত ইয়াছিনকে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ‘একপাক্ষিক সিদ্ধান্ত’ দাবি করে সভা ওয়াকআউট করেন ডিবেটিং সোসাইটির প্রতিনিধিরা। পরে সন্ধ্যায় এমন অভ্যন্তরীণ কোন্দল ও অস্থিতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের অফিশিয়াল পেজ থেকে যৌথ বিবৃতি দেয় শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটি ও লালন শাহ হল ডিবেটিং সোসাইটি। এ সময় বিতর্ক অঙ্গনের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় তারা।

আরও পড়ুন: গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সংযোগ জোরদারে ঢাবি-ঢাকা ডক্ল্যাবের সমঝোতা

পরদিন বুধবার (১৪ অক্টোবর) দুপুরে একে একে সংগঠনটির সাধারণ সম্পাদক লাবিদ ইফতি, সহসভাপতি রাহাত আব্দুল্লাহ, প্রেস ও আইটি সম্পাদক তানিম তানভীর পদত্যাগের ঘোষণা দেন।

সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. জুলফিকার আলী বলেন, গত সন্ধ্যায় অব্যহতি চেয়েছিল। আজ অব্যহতি মঞ্জুর করেছি। পরবর্তীতে সংগঠনটি গতিশীল করার লক্ষ্যে উপদেষ্টামণ্ডলী নিয়ে আলোচনা করে কার্যক্রম স্বাভাবিক করা হবে।