ডেঙ্গুতে আক্রান্ত মনপুরা সিনেমার গায়িকা
জনপ্রিয় গান ‘যাও পাখি বলো তারে’র মাধ্যমে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া সংগীতশিল্পী কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চার দিন জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এই গায়িকা। কৃষ্ণকলির অসুস্থতার বিষয়টি জানিয়েছেন তাঁর মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী। তিনি জানান, আপাতত বাসায় থেকেই চিকিৎসা চলছে তাঁর মায়ের। শনিবার আরেকটি পরীক্ষা করানো হবে। পরীক্ষায় প্লাটিলেটের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেলে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে।
এদিকে দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে জনমনে। এর মধ্যেই কৃষ্ণকলির আক্রান্ত হওয়ার খবর সামনে এল।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা
২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন কৃষ্ণকলি। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত চলচ্চিত্র ‘মনপুরা’র ‘যাও পাখি বলো তারে’ গানটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটি শ্রোতাদের মধ্যে দারুণ জনপ্রিয়তা অর্জন করে।
এই গানের জন্য চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন কৃষ্ণকলি।
আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান
দীর্ঘ সংগীতজীবনে একাধিক অ্যালবাম ও মৌলিক গান উপহার দিয়েছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘সূর্যে বাঁধি বাসা’, ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’। এখনো নিয়মিত নতুন গান প্রকাশ করছেন এই শিল্পী, যা শোনা যাচ্ছে তাঁর ইউটিউব চ্যানেলে।
ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কৃষ্ণকলির দ্রুত সুস্থতা কামনা করছেন।





