ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৯ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন অভিনেতা ইমরান খানসহ চার শতাধিক ব্যক্তি। শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অনুমতি ছাড়া রাজনৈতিক জমায়েত ঠেকাতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এর অংশ হিসেবে শহরের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দান থেকে দিনের শুরুতেই অন্তত ২০০ জনকে আটক করা হয়।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন সমাজকর্মী তুষার গান্ধীর নেতৃত্বাধীন সংগঠন ‘হাম ভারত কে লোগ’-এর সদস্য এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থকেরা। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে সমবেত হয়েছিলেন তারা।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে, একই দাবিতে দিল্লিতেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: প্রযোজকের আমন্ত্রণে শুটিংয়ে সাংবাদিকেরা, সাক্ষাৎকারের আগেই ফারিয়ার প্রস্থান

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে দুই শহরে বিক্ষোভ ও আটকের ঘটনা ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।