কলকাতা চলচ্চিত্র উৎসবে থাকছেন যেসব তারকা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৩৬ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনের পর নতুন আবহে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর। এবারের উৎসবকে ঘিরে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে তারকাদের উপস্থিতি। উদ্বোধনী আয়োজনকে জমকালো করতে বলিউড ও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যে তার কলকাতায় আসার বিষয়টি সামনে আসে। সালমানের হাত ধরেই এবারের উৎসবের পর্দা উঠতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

আরও পড়ুন: আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা মামুনুর রশীদ

তবে তারকাদের তালিকায় সালমান একা নন। উদ্বোধনী অনুষ্ঠানে কঙ্গনা রানাউত, রজনীকান্ত, অনুপম খের, পরেশ রাওয়াল ও পরিচালক মধুর ভাণ্ডারকরের উপস্থিতির কথাও জানিয়েছেন উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী। এ ছাড়া অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, জনি লিভার ও পরিচালক অনুরাগ বসুকেও অতিথি হিসেবে দেখা যেতে পারে।

উৎসব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এবারের আয়োজনে বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। থাকছে ‘ফিল্ম বাজার’ নামে বিশেষ আয়োজন। এর দায়িত্বে থাকছেন অভিনেতা জিৎ। তবে এখনো অতিথিদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি আয়োজক কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মিস ইউনিভার্সের মুকুটে নতুন ইতিহাস গড়লেন জেনিফার

এদিকে সালমানের কলকাতা সফরের খবরে বাড়তি আলোচনা তৈরি হয়েছে তার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে। বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একাধিকবার প্রাণনাশের হুমকি পাওয়ার পর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে চলাফেরা করছেন অভিনেতা। এমন পরিস্থিতিতে বড় কোনো আয়োজনে তার অংশগ্রহণ স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ অবশ্য সালমানের জন্য নতুন নয়। ২০২৩ সালে ২৯তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে কলকাতায় এসে মঞ্চে বাংলায় কথা বলারও চেষ্টা করেছিলেন অভিনেতা। সে সময় মুখ্যমন্ত্রীর বাসভবন নিয়ে রসিকতা করে দর্শকদের মনোযোগ কেড়েছিলেন তিনি।

এবারের উৎসবের ফোকাস কান্ট্রি আয়ারল্যান্ড। নতুন লোগো তৈরি করেছেন পরিচালক সন্দীপ রায়। ১৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। পাশাপাশি থাকছে রেড কার্পেট আয়োজন।

প্রতি বছরই কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখ খানের উপস্থিতি নিয়ে দর্শকদের আলাদা আগ্রহ থাকে। এবারও সেই অপেক্ষা রয়েছে। তবে এবারের আসরে শাহরুখ অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত করেনি উৎসব কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছর উৎসবে বলিউড থেকে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম। এর আগের বিভিন্ন আসরে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, জাভেদ আখতার, শাবানা আজমি, বিদ্যা বালন, রানি মুখার্জি, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও সোনাক্ষী সিনহার মতো তারকারা অংশ নিয়েছেন।