আশুলিয়ায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২৪ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় নিজ বাড়ির ছাদে রোকসানা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাতে শিমুলিয়া ইউনিয়নের উত্তর কলতাসূতি মরিচকাটা এলাকায় নির্মাণাধীন পাঁচতলা ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা শনাক্ত

নিহত রোকসানা বেগম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকার দুবাইপ্রবাসী মকবুলের স্ত্রী। প্রায় দুই মাস আগে আশুলিয়ায় স্বামীর নির্মাণাধীন ওই ভবনের তৃতীয় তলায় বসবাস শুরু করেন তিনি।

নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোকসানা বাড়ির ছাদে পানির ট্যাংকি দেখতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি নিচে না আসায় স্বজনরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে ছাদে গিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।

আরও পড়ুন: উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের ভাই মো. ইরাক বলেন, সন্ধ্যা ৭টার দিকে মুঠোফোনে বোনের সঙ্গে তার কথা হয়েছিল। রাত সাড়ে ৯টার দিকে বোনের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। তার বোনের সঙ্গে কারও শত্রুতা ছিল না বলেও দাবি করেন তিনি। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নূর আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।