বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেন। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ৩ থেকে ৫ অক্টোবর তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: শক্তিশালী গ্রামীণ অর্থনীতি মানেই সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

এবারের সংলাপের প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী বক্তব্য দেবেন।

সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০০টির বেশি দেশ থেকে এক হাজারের বেশি অংশগ্রহণকারী এবং ২০০ জনের বেশি বক্তা এ আয়োজনে যুক্ত হচ্ছেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় রূপপুর নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

তিন দিনের এ আয়োজনে ভূরাজনীতি ও নিরাপত্তা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য ও যোগাযোগ, জলবায়ু পরিবর্তন, গণতন্ত্র, সুশাসন এবং বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আয়োজক সিজিএস জানিয়েছে, বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং আন্তর্জাতিক ব্যবস্থায় আস্থার বিষয়গুলো এবারের সংলাপের আলোচনায় গুরুত্ব পাবে।