বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলতে দলে যোগ দিলেন মেসি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ও বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামতে পারেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরে তাই ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমপ্লেক্সে দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি। রোজারিওতে দুই দিন কাটানোর পর তিনি সরাসরি বুয়েনস আয়ার্সে পৌঁছান এবং কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনা অনুযায়ী জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন।

আরও পড়ুন: শচীনের ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

পরিকল্পনা অনুযায়ী বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে খেলেননি মেসি। তবে ফিফা উইন্ডোর শেষ ম্যাচে বেনিনের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তার। বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটিই আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ উপস্থিতি হতে পারে।

গত দুই দশকে আর্জেন্টিনা ও মেসির নাম যেন একে অন্যের সঙ্গে জড়িয়ে গেছে। জাতীয় দলের হয়ে বিশ্বকাপসহ একাধিক শিরোপা জয়ের পাশাপাশি অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন এই তারকা। তাই তার বিদায় আর্জেন্টাইন ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা করবে।

আরও পড়ুন: ১০২ রানে অলআউট বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে খোয়াল ব্রোঞ্জ

শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ ডিজাইনের জার্সি পরে মাঠে নামবেন মেসি। ম্যাচ শেষে সেই জার্সি তার ব্যক্তিগত জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানা গেছে। বিশেষ জার্সিটিতে দুটি আকাশি-নীল ও মাঝখানে একটি সাদা উল্লম্ব ফিতে থাকবে। মাঝের অংশে আর্জেন্টিনার পতাকার সূর্যের প্রতীকও থাকবে। পাশাপাশি মেসির নাম ও ১০ নম্বর সোনালি রঙে লেখা থাকবে।

মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিটি কার হাতে উঠবে, তা নিয়েও ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

বেনিনের বিপক্ষে ম্যাচের আগে আজ আর্জেন্টিনা শেষবারের মতো অনুশীলনে নামবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলার কথা রয়েছে কোচ লিওনেল স্কালোনি ও মেসিরও।