উলিপুর জেলা বাস্তবায়ন কমিটির ১১ সদস্যের কমিটি গঠন
কুড়িগ্রামের উলিপুরকে স্বতন্ত্র জেলা হিসেবে বাস্তবায়নের দাবিতে আন্দোলনকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে ‘উলিপুর জেলা বাস্তবায়ন কমিটি’-এর ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্বপন কুমার সাহাকে আহ্বায়ক এবং সাংবাদিক মমিনুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উলিপুরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে উলিপুরকে জেলায় রূপান্তরের রূপরেখা প্রণয়ন, জনমত গঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি তুলে ধরার উদ্দেশ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, জনসংখ্যা, আয়তন, ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় উলিপুর একটি পূর্ণাঙ্গ জেলা হওয়ার সব ধরনের যোগ্যতা রাখে। এ দাবি আদায়ে স্থানীয় সর্বস্তরের জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।
কমিটির আহ্বায়ক স্বপন কুমার সাহা ও সদস্য সচিব মমিনুল ইসলাম উলিপুরকে জেলা হিসেবে বাস্তবায়নের এই প্রক্রিয়ায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: নরসিংদী জেলা প্রেসক্লাবের উদ্যোগে দুই সাংবাদিকের বাবা-মায়ের স্মরণে দোয়া মাহফিল





