পুত্রসন্তানের মা হলেন নীলম মুনির
পাকিস্তানের বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনায় অভিনেত্রী নীলম মুনির। জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় এই তারকা। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে মা হওয়ার খবরটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি অভিনেত্রী।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নীলমের স্বামী মুহাম্মদ রশিদের এক ঘনিষ্ঠ বন্ধুর টিকটক পোস্টের মাধ্যমে খবরটি সামনে আসে। ওই পোস্টে নবদম্পতিকে পুত্রসন্তানের জন্মের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা
তবে নীলম মুনির কিংবা তাঁর স্বামী—কেউই এখন পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে কোনো ঘোষণা দেননি। ফলে খবরটির আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর ভক্তরা।
পাকিস্তানি নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া নীলম মুনির ‘দিল মম কা দিয়া’ সিরিজে উলফাত চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এ ছাড়া ‘কয়েদ-ই-তানহায়ে’, ‘কায়ামাত’ ও ‘কাহি দ্বীপ জালে’সহ বেশ কয়েকটি আলোচিত নাটকে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান
ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন নীলম। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ছুপান ছুপাই’, ‘রঙ নাম্বার ২’ ও ‘চক্কর’।
২০২৫ সালের জানুয়ারিতে দুবাইয়ে মুহাম্মদ রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী। বিয়ের পর থেকেই তাঁর ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল। এবার পুত্রসন্তানের মা হওয়ার খবর ছড়িয়ে পড়ায় তাঁকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হতে নীলমের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করতে হবে।





