প্রযোজকের আমন্ত্রণে শুটিংয়ে সাংবাদিকেরা, সাক্ষাৎকারের আগেই ফারিয়ার প্রস্থান

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৯ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের আলোচিত সিনেমা ‘লজ্জা’কে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তবে এবার সিনেমার গল্প কিংবা অভিনয় নয়, শুটিং স্পটে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়েই তৈরি হয়েছে আলোচনা। প্রযোজকের আমন্ত্রণে শুটিং দেখতে গিয়ে প্রত্যাশিত সাক্ষাৎকার না পাওয়ায় হতাশ হয়েছেন সংবাদকর্মীরা। অন্যদিকে, এ ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করে শুটিংয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন ফারিয়া। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ‘লজ্জা’ সিনেমার শুটিংয়ে এ ঘটনা ঘটে। সিনেমাটি পরিচালনা করছেন এম এইচ খোকন। প্রযোজনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্ম। 

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) সিনেমাটির প্রযোজক আবদুল আজিজ জানিয়েছিলেন, শনিবার থেকে দিয়াবাড়িতে শুরু হবে শুটিং। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তিনি। শুটিংয়ের পাশাপাশি ফারিয়া ও প্রযোজকের সঙ্গে সাংবাদিকদের কথা বলার সুযোগ থাকবে বলেও প্রত্যাশা তৈরি হয়।

আরও পড়ুন: দুর্ঘটনার কবলে তানজিন তিশা, অল্পের জন্য রক্ষা

নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৮টার দিকে শুটিং স্পটে উপস্থিত হন সংবাদকর্মীদের অনেকে। তবে সেখানে গিয়ে তাদের প্রত্যাশার সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল পাওয়া যায়নি বলে জানা গেছে। শুটিংয়ের দৃশ্য ধারণের পর সাক্ষাৎকার নেওয়ার সুযোগ তৈরি হওয়ার আগেই সেখান থেকে চলে যান নুসরাত ফারিয়া। এ সময় শারীরিক অসুস্থতার কারণ হিসেবে পেটের সমস্যার কথা জানান তিনি।

ঘটনাটি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকদের কেউ কেউ। এর পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেন ফারিয়া।

আরও পড়ুন: ভারতের প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগের আন্দোলনে আটক অভিনেতা ইমরান খান

তার ভাষ্য, শুটিং স্পটে যাওয়ার আগে সাংবাদিকদের জেনে নেওয়া উচিত, ঠিক কী উদ্দেশ্যে তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা থাকলে সংশ্লিষ্ট শিল্পী বিষয়টি জানেন কি না এবং সাক্ষাৎকার দিতে সম্মতি দিয়েছেন কি না, তা আগেই নিশ্চিত হওয়ার পরামর্শ দেন তিনি।

ফারিয়ার মতে, কখনো কখনো সাংবাদিকদের সামনে এক ধরনের প্রত্যাশা তৈরি করা হলেও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তাই সংবাদকর্মীদের ক্যামেরা, বুম ও পেশাগত পরিচয় ব্যবহার করে প্রচারের সুযোগ তৈরি করা হচ্ছে কি না, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান অভিনেত্রী।

তবে ফারিয়ার বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। এ প্রসঙ্গে প্রযোজক আবদুল আজিজ জানান, সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও ফারিয়ার কাছ থেকে আলাদাভাবে সম্মতি নেওয়া হয়নি।

আজিজের বক্তব্য, শুটিং স্পটে সাংবাদিকেরা উপস্থিত হলে শিল্পীরা তাদের সঙ্গে কথা বলবেন—বিনোদন অঙ্গনে এমনটাই প্রচলিত। অতীতে এভাবেই কাজ হয়েছে বলে বিষয়টি নিয়ে আলাদা করে ফারিয়ার অনুমতি নেওয়ার কথা তার মনে হয়নি। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সব মিলিয়ে ‘লজ্জা’ সিনেমার শুটিং ঘিরে তৈরি হওয়া এ ঘটনা সামনে এনেছে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শিল্পী ও প্রযোজকদের যোগাযোগের বিষয়টি। সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর আগে সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করা কতটা জরুরি, আর শুটিং স্পটে উপস্থিত হওয়ার পর শিল্পীর সঙ্গে কথা বলার প্রত্যাশা কতটা যৌক্তিক—এ নিয়েই এখন আলোচনা।

উল্লেখ্য, ‘লজ্জা’ সিনেমায় নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করার কথা রয়েছে আজমেরী হক বাঁধনের। সিনেমাটি পরিচালনা করছেন এম এইচ খোকন।