শাহরুখ-সালমানকে চিনতেন না মাধুরীর স্বামী শ্রীরাম নেনে
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের সঙ্গে বিয়ের পর জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বহু তারকা। তবে সেখানে উপস্থিত শাহরুখ খান ও সালমান খানের মতো তারকাদের চিনতেন না মাধুরীর স্বামী শ্রীরাম নেনে। সম্প্রতি কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খানের সঙ্গে এক আলাপচারিতায় নিজেদের বিয়ের সময়কার সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।
ফারাহ খান সম্প্রতি তাঁর ইউটিউব চ্যানেলের রান্নাবিষয়ক ভ্লগের জন্য রাঁধুনি দিলীপকে নিয়ে মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনের মুম্বাইয়ের বাড়িতে যান। সেখানে কথোপকথনের একপর্যায়ে ফারাহ জানতে চান, মাধুরীর সঙ্গে পরিচয় ও বিয়ের প্রস্তাব দেওয়ার সময় সত্যিই কি তাঁকে চিনতেন না শ্রীরাম। উত্তরে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
আরও পড়ুন: নাটকের শুটিংয়ে দুর্ঘটনার শিকার প্রিয়ন্তী উর্বী
শ্রীরাম নেনে জানান, সে সময় তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে থাকতেন এবং হিন্দি সিনেমা দেখতেন না। এমনকি হিন্দি ভাষাও জানতেন না। হলিউডের সিনেমা, বিশেষ করে স্টিভেন স্পিলবার্গ, জর্জ লুকাস ও ‘স্টার ওয়ার্স’-এর প্রতি তাঁর আগ্রহ ছিল বেশি। মাধুরীর সঙ্গে পরিচয়ের পর তাঁদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়। পরিচয়ের মাত্র তিন মাসের মধ্যেই তাঁকে বিয়ের প্রস্তাব দেন শ্রীরাম।
বিয়ের সংবর্ধনার স্মৃতি মনে করে শ্রীরাম বলেন, অনুষ্ঠানে উপস্থিত বেশির ভাগ মানুষকেই চিনতেন না তিনি। তাঁর অভিজ্ঞতাটি অনেকটা স্কুলের ‘প্রম কিং’-এর মতো ছিল। সবাইকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছিলেন, অথচ পরে বিয়ের অ্যালবাম দেখেই অনেককে চিনতে হতো। সেদিন কেবল অমিতাভ বচ্চনকে চিনতে পেরেছিলেন তিনি। কারণ, আগে অমিতাভ অভিনীত ‘অমর আকবর অ্যান্টনি’ সিনেমাটি দেখেছিলেন।
আরও পড়ুন: ফিরছে ‘দ্য ডার্টি পিকচার’ সিক্যুয়েল
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ অক্টোবর হৃদরোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাধুরী দীক্ষিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মাধুরীর বড় ভাইয়ের বাড়িতে ঘরোয়া ও ঐতিহ্যবাহী আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাধুরী এবং পরিবারকে সময় দিতে অভিনয় থেকে বিরতি নেন। ২০০৩ সালে তাঁদের প্রথম সন্তান আরিন এবং ২০০৫ সালে দ্বিতীয় সন্তান রায়ানের জন্ম হয়। পরে ২০১১ সালে পরিবারসহ ভারতে ফিরে আসেন এই অভিনেত্রী। এরপর ধীরে ধীরে চলচ্চিত্র ও টেলিভিশনে আবারও সক্রিয় হয়ে ওঠেন তিনি।





