ফিরছে ‘দ্য ডার্টি পিকচার’ সিক্যুয়েল
বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’ আবারও ফিরতে যাচ্ছে বড় পর্দায়। দীর্ঘ ১৫ বছর পর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনা নিয়ে সামনে এসেছেন প্রযোজক একতা কাপুর। সম্প্রতি তিনি জানিয়েছেন, অবশেষে এমন একটি গল্প খুঁজে পেয়েছেন, যা দিয়ে সিনেমাটির দ্বিতীয় কিস্তির কাজ এগিয়ে নিতে চান। তবে নতুন সিনেমায় বিদ্যা বালান থাকছেন কি না, সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি একটি পডকাস্টে একতা কাপুর জানান, বেশ কয়েক বছর ধরেই ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল নির্মাণের ইচ্ছা ছিল তাঁর। কিন্তু উপযুক্ত গল্পের অভাবে পরিকল্পনাটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার পছন্দসই গল্প পাওয়ায় নতুন করে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিতে চান তিনি।
আরও পড়ুন: শাহরুখ-সালমানকে চিনতেন না মাধুরীর স্বামী শ্রীরাম নেনে
তবে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর কাহিনি সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি একতা। নতুন সিনেমায় আবারও কি উঠে আসবে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনের গল্প, নাকি সম্পূর্ণ নতুন কোনো নারী চরিত্রকে ঘিরে আবর্তিত হবে কাহিনি—তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। একই সঙ্গে সিক্যুয়েলে বিদ্যা বালানের উপস্থিতি নিয়েও রয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে প্রযোজকের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
উল্লেখ্য, ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শক ও সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছিল। সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করে বিদ্যা বালান জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমাটিতে আরও অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। এবার সিক্যুয়েলের ঘোষণায় নতুন করে আলোচনায় এসেছে সিনেমাটি।
আরও পড়ুন: মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত অভিনেতা আরজে মিটি





