রামুতে ইয়াবাসহ দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
কক্সবাজারের রামুতে ব্যাটারিচালিত একটি অটোরিকশার পেছনের সিটের নিচে লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত নম্বরবিহীন অটোরিকশাটিও।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘীর রাস্তার মাথা সড়কে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন: সিলেটে বাসের চাপায় মা ও ৯ মাসের শিশু নিহত
আটক ব্যক্তিরা হলেন রামুর খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘী আদর্শগ্রামের তৈয়ব উল্লাহ (৩০), বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নের দক্ষিণ পূর্বপালং পাড়ার শাহিনা আক্তার (২২) এবং রামুর খুনিয়াপালং ইউনিয়নের মৌলভীবাজার আশ্রয়ণ প্রকল্প এলাকার উম্মে হাবিবা (১৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানিয়েছেন, অভিযানে ‘নুরজাহান মোটরস’ নামের নম্বরবিহীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অটোরিকশাটির পেছনের সিটের নিচে একটি শপিং ব্যাগে স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো দুটি পুঁটলি ছিল। এতে ছিলো ২০ হাজার ইয়াবা।
আরও পড়ুন: কুলাউড়ায় একসঙ্গে ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র সংসদ ‘আল-ফায়জী’
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপপরিচালক সোমেন মন্ডল।





