নারায়ণগঞ্জে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অটোরিকশা চলাচল সীমিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন অটোরিকশা চালকরা। ৫ অক্টোবর সকালে (হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট) বাসস্টার্নে পূর্বের মতো মিশনপাড়া মোড় পর্যন্ত অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন অটোরিকশা ড্রাইভাররা।
অটোরিকশা চালকদের অভিযোগ, গত ৪ অক্টোবর থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসকের নির্দেশে খানপুর থেকে মিশনপাড়া পর্যন্ত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে একদিকে যাত্রী সংকটে পড়েছেন চালকেরা, অন্যদিকে এই সুযোগে মিশুকচালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ তাদের।
আরও পড়ুন: গাজীপুর নয়, তাঁতীবাজার থেকেই পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার ২
চালকদের দাবি, হাজীগঞ্জ (নবীগঞ্জ) গুদারাঘাট থেকে চাষাঢ়া পর্যন্ত আগে জনপ্রতি ১০ টাকা ভাড়া নেওয়া হলেও বর্তমানে অনেক মিশুকচালক জনপ্রতি ২০ টাকা করে ভাড়া আদায় করছেন। ফলে সাধারণ যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
অটোরিকশা চালকেরা বলেন, মিশনপাড়া পর্যন্ত যেতে না পারায় তাদের নিয়মিত যাত্রী কমে গেছে। এতে দৈনিক আয়-রোজগারে বড় ধরনের প্রভাব পড়ছে। পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করা চালকদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।
আরও পড়ুন: রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কুবিসাসের নিন্দা
এ পরিস্থিতিতে সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে নিজেদের ক্ষোভ ও সমস্যার কথা তুলে ধরেন কয়েকজন অটোরিকশা চালক। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের প্রতি বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার আহ্বান জানান। এ বিষয়ে অটোরিকশা, অটোটেম্পো, মিশুক ও বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অটোরিকশাপ্রতি ৩ হাজার টাকার বিনিময়ে দাবি আদায়ের কথা জানানো হলেও সিটি করপোরেশন তা মেনে নেয়নি বলে অভিযোগ চালকদের।
চালকদের একটাই দাবি—পূর্বের মতো অন্তত মিশনপাড়া মোড় পর্যন্ত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হোক। এতে চালকদের জীবিকা রক্ষার পাশাপাশি সাধারণ যাত্রীরাও তুলনামূলক কম ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন বলে দাবি তাদের।





