গাজীপুর নয়, তাঁতীবাজার থেকেই পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার ২

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:০০ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে পালানো শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) গাজীপুরের বাইমাইল থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা এসআই প্রবীর কুমার ও চালক নায়েক কামাল হোসেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি

গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানি শেষে ৩০ আসামিকে কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে কৌশলে পালিয়ে যান পিচ্চি রাজা।

ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, গাজীপুরের বাইমাইল এলাকায় প্রিজন ভ্যান থামিয়ে পিচ্চি রাজাকে শৌচকর্মের জন্য নামানো হলে তিনি দৌড়ে পালিয়ে যান। তবে তদন্তে সেই তথ্য সঠিক নয় বলে উঠে এসেছে।

আরও পড়ুন: রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কুবিসাসের নিন্দা

ঘটনার পর প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে পালানোর স্থান ও ঘটনা সম্পর্কে একেক সময় একেক ধরনের তথ্য পাওয়া যায়। এতে তদন্তকারীদের মধ্যে সন্দেহ তৈরি হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সিটি এসবি) ও তদন্তে গঠিত পর্যবেক্ষণ কমিটির প্রধান মোহাম্মদ মহিউল ইসলাম বলেন, পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা সঠিক কোনো তথ্য দিচ্ছেন না এবং পালানোর স্থান নিয়েও ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন। তবে প্রাথমিকভাবে জানা গেছে, পিচ্চি রাজা তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছেন।

পর্যবেক্ষণ কমিটির সদস্য কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, প্রিজন ভ্যানের কারাগার থেকে আদালত এবং আদালত থেকে কারাগারে ফেরার পথে থামার সুযোগ নেই। বড় কোনো বিপদ হলে নিকটবর্তী থানায় থামানোর নিয়ম রয়েছে। কিন্তু পুলিশ সদস্যরা যে স্থানে গাড়ি থামানোর কথা বলেছেন, সেখানে থামানোর প্রশ্নই ওঠে না।

এদিকে মামলাটি তদন্ত করছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সাহেব আলী পাঠান বলেন, একেক পুলিশ সদস্য একেক ধরনের তথ্য দিলেও প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, পিচ্চি রাজা ঢাকার তাঁতীবাজার থেকেই পালিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, ঘটনার সঙ্গে দুই পুলিশ সদস্য জড়িত। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।