‘বনলতা এক্সপ্রেস’-এর ইতি- এবার কোন পথে হাঁটছেন নির্মাতা?

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:২৩ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চেনা ছকের  গল্পের পথে না হেঁটে বরাবরই একটু ভিন্নভাবে গল্প বলার চেষ্টা করেন নির্মাতা তানিম নূর। তাঁর নির্মাণে নতুনত্বের পাশাপাশি থাকে রহস্য ও নিরীক্ষার ছাপ। ফলে নতুন কোনো কাজের ঘোষণা এলেই দর্শকের আগ্রহ তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। নতুন সিনেমার ঘোষণা দিয়ে ফের আলোচনায় এসেছেন এই নির্মাতা।

ওটিটি প্ল্যাটফর্মে ‘কাইজার’ ওয়েব সিরিজের মাধ্যমে গোয়েন্দা গল্পে দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন তানিম নূর। এবার সেই ঘরানাকেই বড় পর্দায় নিয়ে আসছেন তিনি। নির্মাণ করতে যাচ্ছেন নতুন গোয়েন্দা সিনেমা ‘মজনু এন্টারপ্রাইজ’।

আরও পড়ুন: দেবের সঙ্গে শুভশ্রীর নাচ-গান, পুরোনো প্রেম নিয়ে নেটদুনিয়ায় আলোচনা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দেন তানিম নূর। প্রকাশিত রহস্যময় ছবিতে দেখা যায়, অন্ধকারে ঘেরা একটি ঘরের দরজা। দরজায় লেখা—‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর তানিম নূর। ছবিটির সঙ্গে দেওয়া হয়েছে ‘কামিং ২০২৭’ লেখা।

ছবিটি প্রকাশের পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে নির্মাতার পোস্টে সিনেমার ঘোষণা এলেও এর গল্প, চরিত্র কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: প্রতিভার ডানায় ভর করে স্বপ্নের সীমানায় মেহজাবীন নূর

তানিম নূর জানিয়েছেন, সিনেমাটি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে চলছে চিত্রনাট্য ও গল্প লেখার কাজ। সবকিছু চূড়ান্ত হওয়ার পর ধীরে ধীরে সিনেমাটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

গণমাধ্যমকে নির্মাতা বলেন, ‘এখন একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে সবকিছু। লেখালেখির কাজ চলছে। এরপর বাকি আপডেট জানাতে পারব। তবে আগামী বছর দুই ঈদের বাইরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

নির্মাণের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন তানিম নূর। ‘মজনু এন্টারপ্রাইজ’-এর বাইরে ‘কানাভূলো প্যারাডক্স’ নামের একটি রোমান্টিক সায়েন্স ফিকশন হরর সিনেমার সঙ্গেও যুক্ত আছেন তিনি। ওই সিনেমায় প্রযোজকের দায়িত্বে রয়েছেন এই নির্মাতা।

তানিম নূরের সর্বশেষ নির্মাণ ‘বনলতা এক্সপ্রেস’ দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে। এর আগে ‘উৎসব’ নির্মাণ করেও আলোচনায় আসেন তিনি। এবার বড় পর্দায় গোয়েন্দা ঘরানার নতুন গল্প নিয়ে ‘মজনু এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে দর্শকদের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই নির্মাতা।