ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির অভ্যন্তরীণ বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, মঞ্জিল পরিবহনের বাসটি আশুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের উদ্দেশে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় বাসটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক, হেলপার ও বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান।
আরও পড়ুন: লালমনিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল টেকনোলজিস্টসহ প্রাণ গেল ৩ জনের
খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির ভেতরের বিভিন্ন মালামাল ও সরঞ্জাম পুড়ে যায়।
এ বিষয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসচালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, বাসটিতে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরই আগুন লাগে।
আরও পড়ুন: জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান





