মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ মিলেছে

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা এবং নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পড়া শুরু করার সময় আদালতের বিচারকরা এসব তথ্য তুলে ধরেন।

তবে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যা হিসেবে বিবেচিত কি না, সে বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পড়া হচ্ছে।

আরও পড়ুন: রুদ্ধদ্বার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আইসিজে বহুল প্রতীক্ষিত এই রায় ঘোষণা শুরু করে।

আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। ব্যাপক যৌন সহিংসতা চালানোর পাশাপাশি শিশুদের ওপর চরম সহিংসতামূলক কর্মকাণ্ড সংঘটিত করেছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা বিপুলসংখ্যক রোহিঙ্গার ওপরও হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন: প্রথমবার একসঙ্গে দেখা গেল ট্রাম্প, পুতিন ও শি জিনপিংকে

২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি সদস্যরাষ্ট্রের পক্ষে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। দেশটির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, হত্যা ও বিতাড়নের মাধ্যমে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযান চালিয়ে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে দেশছাড়া করা হয়। ওই অভিযানে হত্যা, ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং ব্যাপক নির্যাতনের ঘটনা ঘটে। এসব কর্মকাণ্ডের জন্য মিয়ানমার রাষ্ট্রীয়ভাবে দায়ী বলে দাবি করেছে গাম্বিয়া।

জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং মিশনও মিয়ানমারের সামরিক অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল।

২০১৭ সালের ২৫ আগস্ট আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। এর পর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান ও সংঘাত তীব্র হলে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করেন।

পরবর্তী কয়েক সপ্তাহে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় ২ হাজার ৬০০টিরও বেশি ঘরবাড়ি ধ্বংস করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর ২০১৭ জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ওই সামরিক অভিযানকে জাতিগত নিধনের পাঠ্যবইয়ের উদাহরণ হিসেবে অভিহিত করেন।

একই বছরের ১২ ডিসেম্বর মেডিকেল সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানায়, তাদের জরিপের সবচেয়ে রক্ষণশীল হিসাব অনুযায়ী ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী অন্তত ৭৩০টি শিশু ছিল।

২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া মামলা করার পর ২০২০ সালের জানুয়ারিতে আইসিজে অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এতে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে তার ক্ষমতার মধ্যে থাকা সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

২০২৩ ও ২০২৪ সালে কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ মামলার বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার আবেদন জানায়। গণহত্যা সনদের ব্যাখ্যা তুলে ধরতে এসব দেশ হস্তক্ষেপের ঘোষণা দাখিল করে, যা আদালত গ্রহণ করেন।

২০২৬ সালের জানুয়ারিতে আইসিজে মামলার প্রকাশ্য শুনানি গ্রহণ করে। এরপর বিচারকরা মামলার বিভিন্ন তথ্য-প্রমাণ ও আইনি বিষয় পর্যালোচনা করেন। গত ৩ নভেম্বর আদালত ঘোষণা করেন, ১৯ নভেম্বর এই মামলার রায় দেওয়া হবে।

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী আইসিজের এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের প্রত্যাশা, এই রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম করবে এবং ভবিষ্যতে নিরাপদে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি হবে।

আন্তর্জাতিক বিচার আদালতের ১৫ বিচারপতির এই রায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ সরাসরি সম্প্রচারের মাধ্যমে পর্যবেক্ষণ করছেন।

সূত্র: এএফপি, বিবিসি