ঈদে আসছে ইকবালের ‘নসিব’
নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন প্রযোজক আরশাদ আদনান ও নির্মাতা মোহাম্মদ ইকবাল। তাদের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বাণিজ্যিক ঘরানার সিনেমা ‘নসিব’। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং চলছে। এরই মধ্যে পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
প্রকাশিত পোস্টারে সমুদ্রের তীরে একটি কাঠের জেটিতে পাশাপাশি বসে থাকা এক জুটিকে দেখা গেছে। চাঁদের আলোয় নির্মিত পোস্টারটিতে রোমান্টিক আবহের পাশাপাশি গল্পের আবেগঘন দিকেরও ইঙ্গিত রয়েছে। পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আরও পড়ুন: হঠাৎ বর-কনে বেশে অপু-আদর, যা জানা গেল
‘নসিব’-এর অন্যতম আকর্ষণ নতুন জুটি। তবে সিনেমার গল্প ও চমক ধরে রাখতে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। পাশাপাশি কয়েকজন বিদেশি অভিনয়শিল্পীও থাকছেন বলে জানিয়েছেন নির্মাতা মোহাম্মদ ইকবাল।
শিল্পীদের পরিচয় গোপন রাখার বিষয়ে পরিচালক বলেন, “গল্পের প্রয়োজনে আপাতত শিল্পীদের নাম প্রকাশ করছি না। তবে দর্শক নতুন কিছু পেতে যাচ্ছেন।” তিনি জানান, আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক
বিগ বাজেটের এই সিনেমায় আধুনিক কারিগরি প্রযুক্তির পাশাপাশি অ্যাকশননির্ভর বেশ কিছু দৃশ্য থাকছে। কক্সবাজারের প্রথম লটের শুটিং শেষ হওয়ার পর ঢাকা ও দেশের বাইরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির বাকি অংশের দৃশ্যধারণ করা হবে।
এদিকে মোহাম্মদ ইকবালের পরবর্তী সিনেমা ‘গুলশানের চামেলি’-এর শুটিং আগামী ডিসেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে নতুন বছরে শাকিব খানকে নিয়ে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু করবেন প্রযোজক আরশাদ আদনান। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।





