হঠাৎ বর-কনে বেশে অপু-আদর, যা জানা গেল

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। সিনেমায় আগের মতো নিয়মিত দেখা না গেলেও বিভিন্ন অনুষ্ঠান, শোরুম উদ্বোধন ও ফটোশুটে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিশেষ করে ব্রাইডাল লুকে অপু বিশ্বাসকে প্রায়ই দেখা যায়। এবার অভিনেতা আদর আজাদের সঙ্গে বর-কনের সাজে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি ব্রাইডাল মেকওভার ফটোশুটে কনের সাজে দেখা গেছে অপু বিশ্বাসকে। অন্যদিকে তার সঙ্গে বরবেশে ছিলেন অভিনেতা আদর আজাদ। দুজনের একসঙ্গে তোলা বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই তাদের জুটির প্রশংসা করেছেন।

আরও পড়ুন: ঈদে আসছে ইকবালের ‘নসিব’

ফটোশুটে অপু বিশ্বাসকে দেখা গেছে জলপাই রঙের নান্দনিক কারুকাজ করা লেহেঙ্গায়। এর সঙ্গে হলুদ রঙের ওড়না তার সাজে আলাদা মাত্রা যোগ করেছে। কানে ও গলায় ভারি অলংকার এবং পরিপাটি মেকওভারে কনের সাজে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছেন তিনি।

অন্যদিকে আদর আজাদকে দেখা গেছে লাল কাজ করা পাঞ্জাবিতে। বর-কনের সাজে দুজনকে একসঙ্গে বেশ কিছু ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। কখনো অপুর লাল দোপাট্টার আড়ালে আদর, আবার কখনো পাশাপাশি দাঁড়িয়ে কিংবা ভিন্ন দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তারা।

আরও পড়ুন: ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফটোশুটের কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন অপু বিশ্বাস। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সোনায় মোড়ানো, ভালোবাসায় নোঙর করা।’ এরপর থেকেই ছবিগুলো নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

অনেকের মন্তব্য, একসঙ্গে ফ্রেমে অপু বিশ্বাস ও আদর আজাদকে বেশ মানিয়েছে। কেউ কেউ আবার দুজনের রসায়নের প্রশংসা করে বলছেন, জুটি হিসেবে তাদের বেশ আকর্ষণীয় লাগছে। তবে এটি নিছক একটি ব্রাইডাল ফটোশুট, নাকি এর পেছনে অন্য কোনো আয়োজন রয়েছে—এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এই ফটোশুটের মেকওভার, স্টাইলিং, পোশাক, গহনা ও কনসেপ্টের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদেরও পোস্টে কৃতজ্ঞতা জানিয়েছেন অপু বিশ্বাস। ফলে তার নতুন এই ব্রাইডাল লুক যেমন প্রশংসা পাচ্ছে, তেমনি আদর আজাদের সঙ্গে ফটোশুটটিও দর্শকদের নজর কেড়েছে।

অপু বিশ্বাস ২০০৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। পরের বছর এফআই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর দীর্ঘ ক্যারিয়ারে একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি।

বর্তমানে সিনেমায় তুলনামূলক অনিয়মিত হলেও বিভিন্ন বাণিজ্যিক ও ব্যক্তিগত আয়োজনে সরব উপস্থিতি রয়েছে অপু বিশ্বাসের। আর নতুন এই ব্রাইডাল ফটোশুটের মাধ্যমে ফের আলোচনায় এসেছেন ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।