মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু

Shahrier Islam Pallab
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:৩১ পূর্বাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণার মোহনগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে জান্নাতুল (৮) ও মিহি (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নম্বর বড়তলী-বানিহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। একই বাড়ির দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার দুটিতে নেমে এসেছে শোকের মাতম, শোকাচ্ছন্ন হয়ে পড়েছে পুরো গ্রাম।

নিহত জান্নাতুল উলুকান্দা গ্রামের বেপারী বাড়ির আল মামুন মিয়ার মেয়ে এবং মিহি একই বাড়ির ফারুক মিয়ার মেয়ে। তারা দুজনই স্থানীয় মারকাজুল উলুম উলুকান্দা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন: কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশু দুটিকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। পরে স্বজনরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের অচেতন অবস্থায় ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন: পিরোজপুরে ভুয়া ঠিকানা দিয়ে তৈরী হচ্ছে আইসক্রিম: অস্তিত্বহীন কারখানার মোড়কে বিক্রি করছে বিষাক্ত শিশু খাদ্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া ও সুরতহা প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। দুই শিশুর প্রাণহানিতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।