সার্বিয়ার চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতল ‘মাস্টার’
রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমার আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে এবার ইউরোপের দেশ সার্বিয়ায় সাফল্য পেয়েছে সিনেমাটি। দেশটির মর্যাদাপূর্ণ ‘বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছে ‘মাস্টার’। সোমবার (১২ অক্টোবর) বিষয়টি জানিয়েছেন নির্মাতা সুমিত।
এর আগে ইতালির ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার অর্জন করে ‘মাস্টার’। এবার ৫৩তম বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড কম্পিটিশন বিভাগে সেরা চিত্রনাট্যের স্বীকৃতি পেল সিনেমাটি।
আরও পড়ুন: মারা গেছেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত অভিনেতা আরজে মিটি
এক বার্তায় সুমিত বলেন, “বিশ্বমঞ্চে আবারও পুরস্কৃত হলো ‘মাস্টার’। এবার ৫৩তম বেলগ্রেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতে নিলাম। ওয়ার্ল্ড কম্পিটিশন সেকশনে আমাদের সঙ্গে অংশ নেওয়া গুণী নির্মাতাদের প্রতি রইল সম্মান ও ভালোবাসা।”
সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ও সাব্বির হোসাইন শোভন। পুরস্কার অর্জনের পর শোভনকেও শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা। সুমিত জানান, শোভন তাঁকে বলেছেন, এটি তাঁর জীবনের প্রথম আন্তর্জাতিক পুরস্কার। সিনেমার চিত্রনাট্যে সমাজ ও রাজনীতির সূক্ষ্ম বাস্তবতার বিভিন্ন দিক তুলে ধরতে শোভনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নীতি টেলরের
সম্মানজনক এই স্বীকৃতির জন্য উৎসব কর্তৃপক্ষ ও জুরি সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুমিত।
আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক স্বীকৃতি পেলেও বাংলাদেশের দর্শক কবে সিনেমাটি দেখার সুযোগ পাবেন, সেই প্রশ্নও তুলেছেন নির্মাতা। সুমিতের ভাষ্য, ‘এখন একটা প্রশ্নই আরও অনেক জোরালো হয়ে উঠছে, বাংলাদেশের দর্শকেরা কবে শেষমেশ এই সিনেমাটা দেখার সুযোগ পাবেন?’
তবে সিনেমাটির বাংলাদেশে মুক্তির বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানাননি নির্মাতা।
উল্লেখ্য, এর আগে রটারড্যাম চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত হয়েছিল ‘মাস্টার’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এ ছাড়া অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজসহ আরও অনেকে।





