নেত্রকোণায় হেরোইন ও ইয়াবাসহ যুবক আটক, নারী পলাতক
নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকায় অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন ও ১২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় বিল্লাল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। অভিযানের সময় তাঁর সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে উল্লেখিত রাবিয়া আক্তার (৪৪) পলাতক রয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর।
রবিবার (১১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত ঠাকুরাকোণা এলাকায় তাঁদের দখলে থাকা একটি তিন কক্ষবিশিষ্ট আধাপাকা বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: চুয়েটে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলেন নতুন উপাচার্য
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এ সময় একটি সাদা প্লাস্টিকের কৌটা থেকে সাদা কাগজে মোড়ানো ৩৫টি পুরিয়ায় মোট ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ১২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১২ গ্রাম এবং এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে অধিদপ্তর।
আটক বিল্লাল মিয়া ঠাকুরাকোণা এলাকার সুলতান মিয়ার ছেলে। একই এলাকার রাবিয়া আক্তার পলাতক রয়েছেন বলে অভিযানের তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ৪ লাখ টাকার জন্য স্ত্রীকে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





