১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছে বিএনপি সরকার: এলজিআরডিমন্ত্রী

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ন, ০৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:২৪ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদেশি সহায়তার অর্থ অতীতে যথাযথভাবে কাজে লাগানো হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে উন্নত দেশগুলোও বর্তমানে তাদের আর্থিক সহায়তা কমিয়ে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে ইউনিসেফের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।

ড. আবদুল মঈন খান বলেন, গত ১৭ বছরে দেশে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে, বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার তা বন্ধ করেছে। দুর্নীতি রোধের পাশাপাশি সরকার জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর নিউমুরিং টার্মিনালের চুক্তি সই

বৈঠক শেষে ইউনিসেফের প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিত করতে তারা সহযোগিতা অব্যাহত রাখবেন।

এ সময় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দেওয়া তার মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে উজানে পানি প্রত্যাহার ও আটকে রাখার কারণে দেশের বিভিন্ন নদ-নদীতে পানিপ্রবাহ কমে যাচ্ছে। এর ফলে বাড়ছে লবণাক্ততা। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে সুপেয় পানির সংকট দিন দিন প্রকট হচ্ছে।

আরও পড়ুন: গিয়াস উদ্দিন রিমন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।